১৯৫২ সালের ভাষা আন্দোলন

একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল ও অহংকারে মহিমান্বিত চিরভাস্বর দিবস। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এই দিনটি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। রক্তের বিনিময়ে সেই দিন শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। যা বাংলা ভাষাকে এনে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি।

মাতৃভাষা হিসেবে বিশ্ব-ভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম এবং মোট ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে সপ্তম। ইন্দো-ইউরোপীয় পরিবারভুক্ত ইন্দো-আর্য শাখার এই ভাষায় বিশ্বে প্রায় ১৭৩ মিলিয়ন লোক কথা বলে। এই ভাষার আদি নিদর্শন চর্যাপদ। এই ভাষার বর্ণমালার উৎপত্তি ব্রাক্ষী লিপি থেকে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই ভাষার মর্যাদা রক্ষায় শহিদ হন রফিক, সালাম, জব্বার, শফিক ও বরকতসহ অনেকে। যা ভাষা আন্দোলনের ইতিহাসে বিরল।